• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা থামছে না

usbnews
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা  থামছে না
নিউজটি শেয়ার করুনঃ

আজ মঙ্গলবার মিরপুর সড়ক, বেগম রোকেয়া সরণি, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, মহাখালী ও তেজগাঁও এলাকা ঘুরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ভয়ে পুলিশ সদস্যরা রাস্তায় নামেননি। তাঁদের কর্মকর্তাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনাও ছিল না। কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে। ফলে পুলিশের অভ্যন্তরে একধরনের বিশৃঙ্খলা চলছে।

নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ পুলিশসহ অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহত সকলের পরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ও নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ হেলাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা সোনাইমুড়ী বাইপাস এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। বিকাল পৌনে ৫টার দিকে আনন্দমিছিল থেকে কয়েকজন সোনাইমুড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন। এরপর উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তারা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়।

এ সময় আরও শতাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে ৩৪ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে বলেও জানা যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে ৩৭ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়। বর্তমানে ৩৪ জন হাসপাতালে ভর্তি আছেন। আহতদের বেশির ভাগই সোনাইমুড়ীর। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে তখন ১৩ জন পুলিশ সদস্য সেখানে ছিলেন। এর মধ্যে ৪ জনকে পাওয়া গেছে। ৩ জন পুলিশকে জবাই করে হত্যা হয়েছে। ধোঁয়ায় ভবন ছেয়ে আছে। পুরো ভবন রিকভারি করার পরে প্রকৃত বিষয়টি বোঝা যাবে।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, শুনতেছি সাধারণ মানুষ ৩ জন কেউ বলতেছে ২ জন মারা গেছে। বেঁচে যাওয়া এক পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, প্রথমে আন্দোলনকারীরা আক্রমণ করে পরে তারা তাদের বাঁচানোর জন্য উপরে ফাঁকা গুলি করে। নিহতের পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে, এএসআই মো. নাছির, এসআই মো. বাছির, কনস্টেবল মোশারফ ও গিয়াস। তবে গিয়াসের বিষয়টি এখনো পুরোপুরি শিউর না। ধোঁয়ার কারণে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিনের শরীরে ৫টি গুলিবিদ্ধ হয়েছে। অপরদিকে, বিকেল ৫টার দিকে এক দল বিক্ষোভকারী আনন্দমিছিল নিয়ে চাটখিল থানায় হামলা চালান। থানা ভবনের ভেতরে প্রায় প্রতিটি কক্ষে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।

গাজীপুরে থানা থেকে পুলিশ ও ডোবা থেকে আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর বাসন থানার সামনে থেকে আজ মঙ্গলবার ভোরে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশের লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম আবদুল মালেক (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার কনস্টেবল ছিলেন। অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

 

যাত্রাবাড়ী থানার সামনে ৩ জনের মরদেহ, ওপরে পুলিশের পোশাক, হাতে হাতকড়া

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে দুজনের মরদেহের ওপরে পুলিশের পোশাক  দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।

গতকাল দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী  বলেন, ‘জোহরের নামাজ আদায়ের পর আমরা সবাই যাত্রাবাড়ী থানার সামনে ছিলাম। হঠাৎ পুলিশ আমাদের ওপর গুলি করতে শুরু করে। আমি অন্তত ১০–১৫ জনকে থানার সামনে মরে পড়ে থাকতে দেখি। পরে যখন গোলাগুলি থামে, তখন থানার সামনে পড়ে থাকা লাশগুলো নিয়ে আসি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান।

রাজধানীর বাড্ডা থানায় এখনো লুটপাট চলছে। গতকাল সোমবার দিবাগত রাতেই থানা ছেড়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা থানার ভেতরে থাকা আসবাব, ল্যাপটপ, কম্পিউটারসহ জরুরি কাগজপত্র এক দফায় লুট করে নিয়ে যায়। কাউকে কাউকে থানার ভেতরে অবস্থান করতে দেখা যায়।

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ১৭ নম্বর রোডে বাড্ডা থানা ভবনের অবস্থান। স্থানীয় লোকজন জানান, ভাড়া বাসায় বাড্ডা থানার কার্যক্রম চলে আসছিল। গতকাল সারা দিন থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত থানার কাছ থেকে ব্যাপক গুলির শব্দ শুনতে পান তাঁরা। পরে পুলিশ থানা ছেড়ে যায়। দিবাগত রাত তিনটার পর লোকজন থানার ভেতরে প্রবেশ করে। তারা লুটপাট চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ সদস্যদের থাকার মেস। সকাল থেকে আবার লুটপাট শুরু হয়।

কুমিল্লায় গণপিটুনিতে ২ পুলিশ, গুলিতে যুবক নিহত

গণপিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের ২ সদস্য নিহত হয়েছেন। এছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় উৎসুক জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে থানা পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর উৎসুক জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। জনতা তাদের দেখে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনেই মারা যান।

বানিয়াচংয়ে থানায় আগুন, গুলিতে নিহত ৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত শতাধিক যুবক। এসময় আন্দোলনকারীরা বানিয়াচং থানা আগুনে পুড়িয়ে দেয়। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হাজার হাজার আন্দোলনকারীরা মিছিল দিয়ে বানিয়াচং থানা ঘেরাও করে। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ মুহুর্মুহু টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে ৬ জন আন্দোলনকারী নিহত হন। এক পর্যায়ে আন্দোলনকারীদের আক্রমণে পুলিশ থানা ত্যাগ করে আত্মরক্ষা করে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ আন্দোলকারীরা থানায় আগুন দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ছেড়েছে পুলিশ,  চলছিল লুটপাট

সরকারপ্রধানের পদত্যাগের খবরে আগুন-লুটপাটের ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের সদস্যরা সেখান থেকে পুলিশ লাইনসে চলে গেছেন। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে একযোগে থানা এলাকা ছেড়ে যান তাঁরা।

একপর্যায়ে থানার প্রধান ফটকের ভেতরে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তারা থানার ওসির থাকার কক্ষে ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পৌনে ছয়টার দিকে সেনাবাহিনী তিনটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় ওসি, পুলিশ পরিদর্শক, এসআই, ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের প্রায় ২০টি যানবাহন ও থাকার কক্ষের পাশাপাশি পাশের ট্রাফিক পুলিশের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুরো থানার নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলার সব কক্ষ পুড়ে গেছে।

রাত পৌনে নয়টার দিকে দেখা যায়, থানার ওসি আসলাম হোসেনের নেতৃত্বে ৪০-৫০ জন সদস্য থানা ত্যাগ করছেন। এ সময় থানার সব কক্ষের আসবাব, প্রয়োজনীয় সরঞ্জাম, টিভি, এসি, মোটর, জেনারেটর, চেয়ার, টেবিল, পাখা ও বিভিন্ন অভিযানে জব্দ করা একাধিক মোটরসাইকেল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে গতকাল বিকেলেই থানার আবাসিক কোয়ার্টার থেকে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।‌