• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি সংবাদ সম্মেলনে অনুরোধ ব্যারিস্টার খোকনের

usbnews
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি সংবাদ সম্মেলনে অনুরোধ ব্যারিস্টার খোকনের
নিউজটি শেয়ার করুনঃ

বন্দী চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত ১৬ বছরে অনেক বিচারপতি তাঁদের শপথ অনুযায়ী বিচার করেননি। তাঁরা এখানে রাজনীতি করেছেন। তাঁরা অতি উৎসাহী হয়ে রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অনেকে দুর্নীতি করেছেন। যাঁরা রাজনৈতিকভাবে বিচার করেছেন, কোর্টে বসে রাজনীতি করেছেন, তাঁদের অনুরোধ করব আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না করলে আমরা তাঁদের নাম বলে দেব।’

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন বারের সভাপতি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক কারণে যাঁদের কারাগারে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘এ দেশের সংখ্যালঘুদের ৯০ ভাগ সম্পত্তি আওয়ামী লীগ দখল করেছে। অনেক স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। দেশবাসীকে অনুরোধ করব, আপনারা এসব পাহারা দিন, যাতে কোনো ক্ষতি না হয়।’