নিরীহ পুলিশ সদস্যদের ওপর আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সোহেল রানা। তিনি বলেন, বাহিনী নয়, পুলিশের নেতৃত্বে সমস্যা। পুলিশ সদস্যদের মধ্যে দোষীরা শাস্তি পাবে। মঙ্গলবার অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে এ কথা বলা হয়।
পুলিশও একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে দেশ ও জাতির মতো বাংলাদেশ পুলিশও একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দৃশ্যত বাংলাদেশ পুলিশ এখন সম্পূর্ণরূপে নেতৃত্বহীন। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। জুনিয়র কর্মকর্তা ও সদস্যরা দিশেহারা। এরা সবাই নিরীহ সদস্য।
সোহেল রানা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে দেশের স্বার্থে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান রক্ষার উদ্দেশে সকলের সহযোগিতা চাচ্ছি। শিগগির পুলিশের প্রশাসনিক ব্যবস্থা ও নেতৃত্ব যথাযথভাবে সক্রিয় হবে বলে বিশ্বাস করি। ছাত্র-জনতার বিজয়ের ফল নতুন সরকার সাধারণ ছাত্র-জনতাকে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে যথোচিত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে, আমি নিশ্চিত।
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি নিরীহ সদস্যদের পুরো উদ্যমে জনসেবায় ব্রত হওয়ারও সুযোগ দেওয়া উচিত। পুলিশের স্থাপনা ও সম্পদ কেবল পুলিশের নয়, জনগণেরও। পুলিশসহ রাষ্ট্রীয় সকল সম্পদ ধ্বংস বা নষ্ট না করার অনুরোধ রইলো।
সোহেল রানা বলেন, যে পুলিশ একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে আপনার পাশে দাঁড়াতে পেরেছে, যে পুলিশ করোনায় স্পষ্টতই মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল, তাদের মধ্যে সীমাহীন ভালোটাও রয়েছে। আসুন ভালো মানুষকে টিকে থাকার ও ভালো গুণাবলী চর্চার সুযোগ করে দিই। মহান সৃষ্টিকর্তা চাইলে, নতুন প্রজন্মের নতুন আদর্শ নেতৃত্বে আমরা সেটা পারবো।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আরও বলা হয়, জনসাধারণকে ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের শুভেচ্ছা। এ আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ‘পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।’
জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ‘পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।’
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা, পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশে প্রায় ৪৫০টি থানা আক্রমণ করে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রমের শামিল। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন ৬ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।
অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান পুলিশের সমন্বয়কারী নিযুক্ত
অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানকে পুলিশের সমন্বয়কারী ও মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। আজ পুলিশ অফিসারস ম্যাচে সাবেক ও বর্তমান সিনিয়র পুলিশ কর্মকর্তা এক যৌথ বৈঠকে সর্বসম্মতি মতে কে সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের সিনিয়র কর্মকর্তা ও সাবেক কর্মকর্তাদের বৈঠক শেষে সাবেক ডিআইজি খান সাঈদ হাসান এক সংবাদ সম্মেলনে এ নিয়োগের কথা জানান। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে বিক্ষোদ্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় ক্ষুদ্র হামলা করে ধ্বংস করে ফেলেছে। পুলিশ এক রকম কর্ম বিরতিতে চলে গেছে। এ অবস্থায় পুলিশের সারাদেশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পুনর্গঠনের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত আইজিপি শহীদুর রহমান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান বলেন পুলিশের কাজে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার করা হবে। তবে পুলিশের স্থাপনা রক্ষণাবেক্ষণ করা জনগণের দায়িত্ব। পুলিশি স্থাপনা ও পুলিশ দায়িত্ব পালন করতে না পারায় দেশের আইন-শৃঙ্খলা সহ জনগণের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এখন থেকেই পুলিশের পুনর্গঠন ও কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।
রাজারবাগ পুলিশ লাইনে শ্লোগান দিচ্ছে সাধারণ পুলিশ সদস্যরা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মূল ব্যারাক রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছে সাধারণ পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে শ্লোগান দেন। দেশের এহেন ক্লান্তিলগ্নে ডিএমপির অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তাদের রহস্যজনক অনুপস্থিতির কারনে সাধারন পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গততকাল দপুরে রাজারবাগ পুলিশ লাইনের ভেতর থেকে ‘ সিনিয়র অফিসারগণ নাই কেন, সিনিয়ররা কই গেলো, সুবিধাবাদীরা গেল কই, আমার পুলিশ মরলো কেন,’ এসব প্রশ্ন তুলে শ্লোগান দিতে দেখা যায়।