• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি  লোহিত সাগরের রুটে পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে
নিউজটি শেয়ার করুনঃ

বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছে।

গতকাল (বৃহস্পতিবার) নরওয়ের জাহাজ পরিচালনা কোম্পানি গ্রাম কার ক্যারিয়ার্স লোহিত সাগরে তাদের জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই কোম্পানিটি শুধুমাত্র গাড়ি পরিবহন করে। কোম্পানিটি জানিয়েছে, লোহিত সাগরের রুটে তাদের জাহাজ পরিচালনায় বাধা দেয়া হয়েছে।

এর আগে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও চীনা জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা থেকে পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেয়ার কথা বলে এডেন উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন কয়েকটি দেশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে। কিন্তু বিশ্বের জাহাজ পরিচালনা কোম্পানিগুলো এই টাস্ক ফোর্সের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি, যার কারণে তারা লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করেছে।

ইয়েমেনের হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হুতি হুমকি দিয়ে বলেছেন, পণ্যবাহী জাহাজগুলোকে ইসরায়েল অভিমুখে যাওয়া এড়িয়ে চলতে হবে, নতুবা জাহাজগুলো হামলার মুখে পড়বে।

তাছাড়া, কোনও জাহাজ ইয়েমেনের কাছ দিয়ে যাওয়ার সময় রেডিও চালু রাখতে হবে, যাতে তারা দ্রুতই হুতিদের যোগাযোগের চেষ্টায় সাড়া দিতে পারে। একইসঙ্গে মিথ্যা পরিচয় দিয়ে বা অন্য দেশের পতাকা উড়িয়ে জাহাজ চলাচলের বিষয়েও হুঁশিয়ার করে দিয়েছেন আলি আল হুতি।

দ্য গার্ডিয়ান পত্রিকা জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হুতিরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের সাগরপথে তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে হোদেইদা বন্দরের মতো বিভিন্ন বন্দরে জাহাজের ওপর হামলা জোরদার করছে। কোনও জাহাজ ইসরায়েলের বলে মনে হলেই তাতে হামলা চালাচ্ছে তারা।

গাজায় প্রয়োজনীয় খাবার এবং ঔষধ না পৌঁছলে লোহিত সাগরে ইসরায়েলের বন্দর অভিমুখী সব জাহাজ হুতিদের সশস্ত্র বাহিনীর হামলা নিশানা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।