গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন বন্দি নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় পরে জানানো হবে বলে জানান ওই জেল কর্মকর্তা। তবে একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, নিহতরা হলেন- মোঃ জিন্নাহ (২৯), আযলাখ হোসেন (২৭), আফজাল হোসেন (৬৩), স্বপন শেখ কালু (৪৫), রাধেশ্যাম হরিজন (৬৭) ও ইমতিয়াজ পাভেল (২৭)। সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মঙ্গলবার (৬ আগস্ট) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের বাধা দিলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। কারারক্ষীদের মারধর করে বন্দিরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে পাইপ লাগিয়ে পালিয়ে যেতে চান। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।
তবে এরই মধ্যে বন্দিদের মধ্যে ২০৯ জন বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জনের নিহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর হেলিকপ্টারে করে এসে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের ভেতরে নেমে প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেয়। এর আগে সেদিন সকালে কারাগারের ভেতরে স্থানীয়রা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান। খবর পেয়ে সকাল ১০টার পর কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। জড়ো হয়ে বিক্ষোভ করে তারা সেখানে।
কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ১০৪ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ই আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। কারা সূত্র জানিয়েছে, ১০৭ জন বন্দি পালিয়েছে।
কুষ্টিয়ার জেল সুপার আঃ বারেক বলেন, ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩শ জন’ সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দিরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়।
এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারো ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে বেশ কজন কারাবন্দি পালিয়ে গেছে। এই কর্মকর্তা আরো বলেন, ঠেকাতে গিয়ে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্র ভান্ডার রক্ষিত আছে, কারাবন্দিরা নিরাপদে আছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনরা কারাবন্দি সাথে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশকিছু উচ্ছৃঙ্খল কয়েদি কারারক্ষীদের মারধর শুরু করে। এ সময় বাইরে থাকা করাবন্দিদের স্বজনরাও চেচামেচি শুরু করেন।
একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর দশ টুকরা হত্যা মামলার প্রধান আসামি সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদেরকে বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জেল সুপার জানিয়েছেন, সামান্য সংখ্যক কারাবন্দি কারাগার থেকে পালিয়েছে।