অবৈধ দখলদার সরকারের প্রধান হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আন্দোলনকারী ছাত্র- জনতা ও রাজনৈতিক দল সমুহের মতৈক্যের বাইরে কোন অন্তর্বর্তীকালীন সরকার গ্রহনযোগ্য হবেনা। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যেখানে শত শত মানুষের রক্ত ঝরেছে তাদের বাদ দিয়ে কোন আলোচনা সফল হবেনা। তিনি সেনা প্রধানের প্রতি আহবান জানান, অবিলম্বে আপনি ব্যারাকে ফিরে যান। যারা দেশকে নতুন করে স্বাধীন করেছে তারা দেশকেও ঠিক ভাবে চালাতে পারবে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, মানুষ খুন কারে দম্ভকারী সরকারকে জনগণ উৎখাত করেছে। শত শত মানুষ শহীদ হয়েছে। শহীদের রক্তের উপর দাড়িয়ে ফ্যাসীবাদের দালালী করা বা সতের বছর ধরে চলা অবিচারকে যারা সমর্থন করেছে তাদের নেতৃত্বে কোন সরকার গঠিত হলে তা এদেশের ছাত্র- জনতা মেনে নেবেনা।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। এতো রক্ত দিয়ে অর্জিত বিজয় কোন দালালের হাতে ধ্বংস হতে দেওয়া যাবেনা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে আন্দোলনরত ছাত্র – জনতা।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, সদস্য সচিব সেলিম খান, আইনজীবি নেতা আলী নাসের খান, উদয় তাসমির, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, রুনা হোসাইন সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।