• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পিবিআই প্রধান বাধ্যতামূলক অবসর, বদলি ও পদায়ন , সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণের দাবি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

usbnews
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
পিবিআই প্রধান  বাধ্যতামূলক অবসর,  বদলি ও পদায়ন  , সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণের দাবি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিউজটি শেয়ার করুনঃ

পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। তিনি পুলিশ সদর দফতরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।
অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও দারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অন্যদিকে রংপুর রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেনকেও ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়।

ডিএমপির ১৮ থানার ওসিকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) পুলিশ সদরদপ্তরেরে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

ডিএমপির ১৮ ওসিকে ঢাকার বাহিরে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়, উত্তরা পশ্চিম থানার বিএম ফরমান আলীকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, শাহবাগ থানার মো. মোস্তাজিরুর রহমানকে বরিশালের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, তেজগাঁও থানার মোহাম্মদ মহসীনকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গুলশান থানার মো. মাজহারুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পল্টন থানার মনির হোসেন মোল্লাকে রংপুর রেঞ্জে বদলির আদেশ বাতিল করে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মতিঝিল থানার মো. আবুল কালাম আজাদকে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও পল্লবী থানার  অপূর্ব হাসানকে ঠাকুরগাঁওয়ের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. আবু সাঈদ আল মামুনকে চট্টগ্রাম রেঞ্জের বান্দরবানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আনিচুর রহমান মোল্লাকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কাজী মাইনুল ইসলামকে নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শেখ শাহানুর রহমানকে খাগড়াছড়ির এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আবু আনসারকে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ রিজাউল হককে সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ জহিরুল ইসলামকে এসবি ঢাকার বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, কাজী আবুল কালামকে ঢাকা রেঞ্জে বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, মুন্সী সাব্বির আহমদকে লালমনিরহাটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. মাহাবুব রহমানকে গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বিএম মশিউর রহমানকে রাঙামাটির এপিবিএন পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন।
এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়।

 

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণের দাবি

দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।

আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, সব সচিব এবং দপ্তর, অধিদপ্তর ও কমিশন প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচিবালয় ঘেরাও হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের দাবি করেছেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচন করে ১০ শতাংশ ভোটকে ৪০ শতাংশ বানানো আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিলেন তখনকার জননিরাপত্তা সচিব মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে জাহাঙ্গীর আলম লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই তাকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।’