• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা

usbnews
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা
নিউজটি শেয়ার করুনঃ

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ নজরুল।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে।

আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।

ড. আসিফ নজরুল বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। আমরা নিজেরা, রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে, এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কি না। আমরা সেটা খতিয়ে দেখেছি।

তিনি বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, সেটা পরে ২০০৯ ও ২০১৩ সালে সংশোধনী হয়েছে। সেই আইনে আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম পাঁচদিনের গণহত্যাও বোঝাচ্ছি। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে ছোটখাটো গবেষণা করেছি। আমরা দেখেছি, এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা রিঅর্গানাইজড করার চেষ্টা করছি, আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশন আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

সাগর-রুনি হত্যার বিচার গতি পাবে কিনা; জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই, আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এই বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না, এমন একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে কীভাবে প্রহসন করা হয়।

বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতা করতে হয়, সেটা আমরা সম্পন্ন করেছি। এরইমধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন। আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। এখান থেকে আপনারা বুঝে নেবেন, আমরা কীসের ওপর গুরুত্ব দিচ্ছি। যোগ্যতা ও সততার ওপর গুরুত্ব দিয়েছি।

বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে। আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে।

ড. আসিফ নজরুল বলেন, মন্ত্রী-সংসদ সদস্যরা কিভাবে পুলিশকে ব্যবহার করেছে, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লেলিয়ে দিয়েছে। তাদেরও বিচার করা হবে।

তিনি বলেন, সারাদেশ থেকে প্রশংসা পাচ্ছি, দক্ষ একজন প্রধান বিচারপতি পেয়েছি, তার বাবাকে আপনারা চেনেন। আগে যারা প্রধান বিচারপতি ছিলেন তাদের সিভিও দেখেন, তারপর বুঝবেন আমরা কিসের ওপর গুরুত্ব দিচ্ছি। এটর্নি জেনারেলের দফতরে দলীয় লোকজন দিয়ে রেখেছিল আওয়ামী লীগ। আমরা যাচাই-বাছাই করে নিয়োগ দিচ্ছি। সময় কম তাই দু-একটা ভুল হতে পারে, রিভিউ করার সুযোগ রয়েছে। বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ১০ কর্মদিবসের মধ্যে আয়ের হিসাব জমা দিতে বলা হয়েছে। আদালতগুলো বিচারপ্রার্থীদের নানা দুর্ভোগ পোহাতে হয়, স্থান সংকট রয়েছে তারপরও যতটা সম্ভব সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বিচ বপন করে গেছেন আওয়ামী লীগ সরকার। আমরা সচেতন রয়েছি, সব জায়গা থেকে বৈষম্য দূর করা হবে।