গত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচারে জুলুম ও নির্যাতনসহ প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টি সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতিত ছাত্র-জনতার স্মরণে এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গত ১৬ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ ও দুর্নীতির আঁখড়া বানানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর। নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরী হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। অন্যায়ভাবে নিজের ভিটা, বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ। এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে। জনগণ যেন বুঝতে পারে অন্যায় ও অত্যাচার করে কেউ শেষ পর্যন্ত পার পায়না, একদিন জনতার হাতে পাকড়াও হতে হয়।

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, আমরা বছরের পর পর আন্দোলন সংগ্রাম চালিয়েছি, দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহীদ ও আহতদের ভুলে গেলে চলবেনা।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালাতে হবে।
এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় গণজমায়েতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
ছাত্র-জনতার হত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার রাজধানীতে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, কাকরাইল হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিলো, এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ছাত্র-জনতার উপর নৃশংস যে হত্যা চালিয়েছে, তারজন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। আওয়ামী লীগের কোন অপরাধী ছাড় পাবে না। ইতোমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরও অনেকেই ধরা খাবে। একজনও ছাড় পাবে না।
তিনি বলেন, সুবিধাবাদী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
এই দালাল পার্টি সব সময় জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এই ভাইরাস পার্টি যেন দেশের আগামীতে রাষ্ট্রের কোন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। এই দালালদের কোন ঠাঁই নাই।
নুর বলেন, দেশে ইতোমধ্যে নব্য দখলদারের দেখা মিলেছে মানুষের বাড়িঘর দখল করছে,ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে,এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে, এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেই না। আমরা স্পষ্ট করে বলি এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নিবে না।
শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরগুনার আমতলীতে শেখ হাসিনাকে গণহত্যাকারী, বিশ্ব নিন্দিত, ধিকৃত, পতিত স্বৈরাচার, খুনি আখ্যা দিয়ে তার ফাঁসির দাবিতে উপজেলা বিএনপির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উকিলপট্টির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান আকন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, আমতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর শামসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ প্রমুখ।
বিক্ষোভ ও সমাবেশে আমতলী উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, এই পতিত, স্বৈরাচারী, ভোট ডাকাত সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল। ঘুম, খুন অত্যাচার-নির্যাতন, জুলুম, ঘুষ-দুর্নীতি, নির্দোষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা করে দীর্ঘ ১৬ টি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে। খুনি হাসিনা বাংলার দামাল তরুন ও দেশবরেণ্য ছাত্র জনতার উপর নির্মম পাশবিখতা চালিয়ে গণহত্যা করেছে। বাংলার দেশ প্রেমিক ছাত্র-জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বাংলার দামাল তরুণ ছাত্র-ছাত্রীদের স্যালুট জানাই। শহীদের প্রতি অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা দেশি ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার বিচারের মধ্যদিয়ে ফাঁসির দাবি করছি। গোটা দেশবাসী এই খুনী হাসিনার সকল সহযোগীদের এবং অপরাধীদের বিচার চায়।
খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্ত করেছে মাওলানা মুহাম্মদ মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগস্ট মাস দেশের জনগণের জন্য বিজয়ের মাস। জাতির চেতনার সাথে সহমত পোষণ করে ৫ আগস্টের বিপ্লবকে মহিমান্বিত করার জন্য ১৫ আগস্টের শোক দিবস বাতিল করায় অর্ন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। খুনি শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েও চুপ করে বসে নেই বরং সেখান থেকে উস্কানি দিয়ে জনগণের রক্তে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে এদেশীয় দোষরদের মাঠে নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনার শাসনামলে পিল খানায় নিহত ও আহত সেনা সদস্য, ২০১৩ সালে নিহতও আহত হেফাজতের নেতা কর্মী, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তি দিতে আন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। তিনি বলেন, এদেশের মানুষ অতীতেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করছে বর্তমানেও করছে যার দৃষ্টান্ত মাদরাসার ছাত্র ও ইসলামী দলের নেতা কর্মীরা সংখ্যালঘু ধর্মালম্বীদের উপাসনালয় ও ঘর-বাড়ি পাহারা দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দেশবাসী ও দলীয় নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। অর্জিত বিজয়কে নস্যাৎ করতে নানামুখী চক্রান্ত করছে। তাদের ষড়যন্ত্র রুখতে পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আগামীকাল শুক্রবার দেশব্যাপী নৈরাজ্যবাদ বিরোধী মিছিলসহ রাজপথে নামতে দেশবাসী ও দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, আমাদেরকে বলে আমরা পাকিস্তান কায়েম করতে চাই। পাকিস্তান কায়েম করতে চাই না। আমাদের কেউ পাকিস্তানেও পালায়নি। আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। তিনি বলেন, জনগণের কাছে স্পষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার ও দেশের ভাবমর্যাদা বিনষ্ট করার চক্রান্ত করেছে। তাই হাসিনা ভারতে পালিয়েছে।
বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হাবীবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমীনির পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা মুহাম্মদ রিজওয়ান হুসাইন, ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কেদ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবুল হাসানাত জালালী মাওলানা আবু সাঈদ নোমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর। সমাবেশ শেষে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় নগর পানির টাংকির সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আসছে …..