স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন,এখনই ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না,যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সোমবার ১৯ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ।
হাসান আরিফ বলেন,‘ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কি রকম আছে,যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোন পদক্ষেপ নিতে হয় সেটি নেয়া হবে।’
তিনি বলেন,‘দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যাতে চালু থাকে, গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম তা যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারি আছেন তাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। জেলা,পৌরসভা ও উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন,‘এ সরকার রুটিন সরকার নয়। এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র,জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এ সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র,জনতা, সেনার যে দাবি দাওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেটার আমরা প্রতিনিধি হিসাবে কাজ করছি।’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে এবং একটি সিস্টেমের পরিবর্তনের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে জনপ্রতিনিধি সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
এ এফ হাসান আরিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা রাষ্ট্রের সংস্কার চায়। তাই স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি।এ জন্য তাদের প্রত্যেককে অপসারণ করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে কাউন্সিলরদেরও অপসারণ হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা
এর আগে, দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৬০ জেলা পরিষদ, ৪৯৩ উপজেলা পরিষদ, ৩২৩টি পৌরসভার চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে সবগুলো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আদেশও জারি করা হয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কতদিনের জন্য প্রশাসক নিয়োগ হলো সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। নির্বাচিত জনপ্রতিনিধি নিয়োগ হবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।



