দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)-এ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নোয়াখালী-৫ আসনের ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করতে হবে, না হলে আমাদের সংবিধানের ধারাবাহিকতা থাকে না। আবারো ওয়ান ইলেভেন এর মতো অস্বাভাবিক, অনির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। আপনারা গণতন্ত্র চান নাকি ওয়ান ইলেভেন চান? আপনারা নির্বাচন চান নাকি ওয়ান ইলেভেন চান?
ওবায়দুল কাদের বলেন, আমি আমার এলাকার ভোটারদের বলবো। আপনারা ভয় পাবেন না। যদি নির্বাচন চান তাহলে আগামী ৭ জানুয়ারি দলে দলে কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন।
ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আছি। আমরা মাঠ ছেড়ে পালাবো না। জনগণের সঙ্গে ও ভোটারদের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে। সময় মতো এসে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।