ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী বিপ্লবে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে ৮১৯ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার নামের একটি বেসরকারি সংস্থা। গণমাধ্যমে পাঠানো তালিকায় সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও আহত হওয়ার ধরণ উল্লেখ করেছে। নিহতদের তথ্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য ও সংস্থার নিজস্ব অনুসন্ধানের কথা উল্লেখ করা হয়েছে। সরকারিভাবে এখনও আন্দোলনে নিহতদের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। জাতিসংঘ আন্দোলনে অন্তত সাড়ে ছয়শ মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অবশ্য জানিয়েছিলেন আন্দোলনে এক হাজারের মতো মানুষ নিহত হয়েছেন।
নিহতদের তালিকা
ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন। বাসসের এক সংবাদে বলা হয়, মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না। সরকারপ্রধান বলেন, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব। তিনি জানান, আহতদের চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য যা প্রয়োজন, ইতোমধ্যে তার ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ড. ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সকল দেশবাসীকে সহযোগিতা করার আহবান জানান।
প্রতিবেদনে এইচআরএসএস বলেছে, নিহত ৮১৯ জনের মধ্যে ৬৩০ জনের নাম তারা জানতে পেরেছে। ১৮৯ জনের নাম জানা যায়নি। ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩১১ জন এবং ৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৫০৮ জন নিহত হয়েছেন।
ঢাকা বিভাগে ৫০০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ২৫ জন, সিলেট বিভাগে ২০ জন এবং বরিশাল বিভাগে ১৩ জন মারা গেছেন।
নিহত ব্যক্তিদের বয়সও বিশ্লেষণ করেছে সংস্থাটি। নিহত ৪৭০ ব্যক্তির বয়স বিশ্লেষণ করে এইচআরএসএস বলেছে, এর মধ্যে শিশু (১৮ বছরের কমবয়সী) ৮৩ জন (১৮%), তরুণ ও যুবক ২৪০ জন (৫১%), মধ্যবয়সী ১২৬ জন (২৭%) এবং বয়স্ক ব্যক্তি ২১ জন (৪.৫%)।
আন্দোলনে নিহত ব্যক্তিদের পেশাও খোঁজা হয়েছে প্রতিবেদনে। ২৯৩ জনের পেশা বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ১৪৪ জন শিক্ষার্থী, ৫৭ জন শ্রমজীবী, ৫১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৫ জন সাংবাদিক এবং ৩৫ জন অন্যান্য পেশার মানুষ।
১২টি জাতীয় দৈনিক, এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।