• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বন্যা পরিস্থিতির অবনতি : ৬ জেলায় কয়েক লাখ পানিবন্দি , শিক্ষার্থীদের বিক্ষোভ

usbnews
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪
বন্যা পরিস্থিতির অবনতি :  ৬ জেলায়  কয়েক লাখ  পানিবন্দি , শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজটি শেয়ার করুনঃ

নোয়াখালীর আট উপজেলাতেই পানি বেড়েছে। এখানে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আটকে থেকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কবিরহাট ও সুবর্ণচরে পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো। নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা হওয়ার পূর্বাভাস দেন তিনি।

খাগড়াছড়িতে ২৪ ঘন্টা পর আবার ডুবল ঘরবাড়ি। জেলার ৯টি উপজেলায় বর্তমানে পানিবন্দী হাজারো পরিবার। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খাগড়াছড়িরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল গত মঙ্গলবার বিকেলে। পানি কমে গেলে আশ্রয়কেন্দ্র থেকে বুধবার সকালে লোকজন নিজের বাড়িতে চলে যান। তবে আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে হঠাৎ ঢলের পানি নেমে আসে। শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকে।

দেশের বন্যাকবলিত ৬ জেলার ৪৩ উপজেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে ১ লাখ ৯০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে এ তথ্য জানায়।
বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো-কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৪৩টি উপজেলার ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এতে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এক কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৮ হাজার ৫৫০ টন চাল এবং আট হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনের জোহা চত্বরে এসে মিলিত হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে নগরের তালাইমারি মোড়ে যায়। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘আমার দেশ ডুবল কেন, জবাব দে, জবাব দে’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘তুমি কে আমি কে, আবরার আবরার’, ‘কে মেরেছে কে মেরেছে, স্বৈরাচার স্বৈরাচার’ প্রভৃতি স্লোগান দেন।

ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের পররাষ্ট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ, বাঁধের ভাটি অংশের অববাহিকায় এই বিপুল পানিপ্রবাহ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এই বাঁধের উচ্চতা প্রায় ৩০ মিটার।

ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাঁধ থেকে যে শক্তি উৎপাদন হয়, তার সুবিধাভোগী বাংলাদেশও। বলা হচ্ছে, এখান থেকে বাংলাদেশ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকায় দুই দেশের জন্যই বন্যা এমন একটি সমস্যা, যা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখানে উল্লেখ করা হয়।