বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বিএনপিকর্মী মো. সুমন, আব্দুল লতিফ ও জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই তিন হত্যা মামলায় মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
কবির বিন আনোয়ার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতুর ছেলে। এ ছাড়া মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাকে আসামি করা হয়েছে।
সুমন হত্যা মামলায় ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে সুমনের বাবা মো. গঞ্জের আলী মামলা দায়ের করেন।
আব্দুল লতিফ হত্যা মামলায় ১৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের বোন সালেহা খাতুন মামলা দায়ের করেন।
জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মৌসুমী খাতুন মামলা দায়ের করেন।
মামলায় আসামির মধ্যে আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদার। জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান।
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন (১৮) নিহতের ঘটনায় মির্জাপুর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মির্জাপুর থানায় এ হত্যা মামলা করেন নিহত ইমনের ভাই সুমন।
এ মামলায় সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটুকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সাত এমপি খান আহমেদ শুভ, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছানোয়ার হোসেন, জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আমানুর রহমান খান রানা, অনুপম শাজাহান জয়কে আসামি করা হয়।
এই মামলায় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ আরও ১৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি খান আহমেদ শুভর ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ, যুগ্ম আহবায়ক মারুফ রহমান, গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ুন তবীর, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক, আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার, আনাইতারা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ও ভাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
ড. আব্দুর রাজ্জাক সহ ১০ জন বিতর্কিত এমপির বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু হাসান মিয়া (১২) নিহতের ঘটনায় সদ্য সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ ৪ শতাধিক জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত হাসানের পিতা ছানু মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখিতরা ছাড়াও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ শামসুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য আশিক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান তুহিন, ইংল্যান্ড প্রবাসী শাহ নেওয়াজসহ ১৬০ জনের নাম উল্লেখ করা হয়। উক্ত মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২০০ থেকে ২৫০ জন।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের বিজয় মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়েন। এ সময় গুলিতে শিশু হাসান মিয়াসহ ৯ জন নিহত হন।

জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি রুজু হয়। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলার শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জে তিন যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪৬৩ জনের নাম উল্লেখ করে ৩টি পৃথক মামলা হয়েছে।
প্রতিটি মামলায় সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সবগুলো মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি জান্নাত আরা হেনরীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে। তিনটি মামলায় মোট ৪৬৩ জনের নাম উল্লেখসহ আরও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রয়াত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রঞ্জু শেখের স্ত্রী মাছিমপুর মহল্লার মৌসুমি খাতুন, গয়লা মহল্লার যুবদলকর্মী নিহত আব্দুল লতিফের বোন মোছা. সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা ৩টি মামলা দায়ের করেন।
আজ শুক্রবার সকালে সদর থানার ওসি হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের ১ দফা দাবির প্রথম দিনে উল্লিখিত আসামিদের নির্দেশে বা ইন্ধনে বা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের দলের অজ্ঞাত ৯ শতাধিক নেতাকর্মী গুলি ও ধারালো অস্ত্র দিয়ে যুবদলের তিন নেতাকর্মীকে হত্যা করে।
মামলাগুলোতে ৪৬৩ জনের নাম উল্লেখ করে এবং ৪৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় আসামিরা হলেন-জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধি। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ সদর আসনের দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদ্য বিদায়ী সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সিরাজগঞ্জ বারের পিপি অ্যাড. আব্দুর রহমান, জিপি অ্যাড. রেজাউল করিম রাখাল, বিএম’এর সভাপতি ডা. জহুরুল হক রাজাসহ আরো অনেকে।
এদিকে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও সরকারদলীয়দের পৃথক সংঘর্ষে পুলিশসহ সিরাজগঞ্জে ৩২ জন নিহত হন। আন্দোলনের প্রথম দিনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ ও পিটিয়ে ১৫ পুলিশকে হত্যা করে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন ওসি, পাঁচজন এসআই, একজন এএসআই এবং আটজন কনস্টেবল ছিলেন।
এ ছাড়া এনায়েতপুরে দুই শিক্ষার্থী শিহাব ও সিয়াম ছাড়াও ইব্রাহিম নামে এক তাঁত শ্রমিকসহ তিনজন নিহত হন। তিনটি হত্যার ঘটনায় এর আগে সাবেক এমপি মন্ডল গ্রুপের কর্ণধার আব্দুল মমিন মন্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মীর নামে এনায়েতপুর থানায় তিনটি পৃথক মামলা হয়।