দেশের বন্যা উপদ্রুত পাঁচ জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এলাকাগুলোর ছয়টি নদীর নয়টি স্টেশনের পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব এলাকার নদীর পাঁচটি স্টেশনে এখন পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। আজ শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে আগামীকাল রাতে বা সোমবার আবার বন্যা উপদ্রুত অঞ্চলে বৃষ্টি হতে পারে।
দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর–পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা এখন বন্যা আক্রান্ত। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।