সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে।
৪ আগস্ট গুলিতে নিহত গোলাপগঞ্জ পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের বাসিন্দা গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে গত শুক্রবার রাতে গোলাপগঞ্জ থানায় মামলাটি করেন। আজ রোববার মামলার বিষয়টি জানাজানি হয়।
সিলেটের গোলাপগঞ্জে ৪ আগস্ট পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে ৭ জন নিহত হন। ওই ঘটনায় এই প্রথম কোনো মামলা হলো।
মামলায় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ছাড়াও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম, কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদসহ ১৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।