জিম্মানামায় বলা হয়েছে, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করামাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকব। মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করব। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইন আমলে আসব।’
এর আগে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারের পর ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া জানান, আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ওমরাহ ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে আটক ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে আটক করেছে পুলিশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পলায়নের চেষ্টা করছিলেন সালাহ উদ্দিন।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র্যাব-৯ এর একটি দল সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করে।’
তিনি আরও জানান, কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা ইয়াবা সম্রাট বদি। তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালাহ উদ্দিনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান উভয়পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এদিন দুপুর সাড়ে ৩টার দিকে হাজী সেলিমকে আদালতে আনা হয়। সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয় তাকে। ৩টা ৪০ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। সেখানে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন হাজী সেলিম। এর কিছুক্ষণ পর আদালতের বিচারকাজ শুরু হয়।
হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ আদালতের অনুমতি নিয়ে ওকালতনামায় স্বাক্ষর নিতে চান। আদালত অনুমতি দিলে আইনজীবী যান হাজী সেলিমের কাছে। তবে তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা দাখিল করেন প্রাণনাথ।
এর আগে গত ১লা সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ১৮ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ১৯শে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান।