ভেঙ্গে দেয়া হলো আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিপরীতে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে। আর এর মাধ্যমে ব্যাংক লুটেরা এস আলমের মালিকানা মুক্ত হলো ব্যাংকিং খাত। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত এ ব্যবসায়ীর মালিকানায় থাকা ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙ্গে দিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার ব্যাংক দু’টির ব্যবস্থাপনা পরিচালকের কাছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে। একইসাথে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দু’টি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন মো: আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক); মো: মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক); মো: গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মো: শাহীন উল ইসলাম, মো: আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
এর আগে এস আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি বলে জানানো হয়।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই তদন্ত শুরু করেছে। সংবাদমাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপের মালিক এস আলম ও তাঁর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এস আলমসহ তাঁর সহযোগী ব্যক্তিরা ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
সিআইডি বলছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এস আলমসহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাঁরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজের ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদ করেছেন।
সিআইডির তথ্য অনুযায়ী, এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে ২ কোটি ২৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম ও তাঁর সহযোগী ব্যক্তিরা। তাঁরা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি-রপ্তানি ও বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে ৯৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এ ছাড়া নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।
সিআইডি বলছে, এস আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম, আশরাফুল আলমসহ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তাঁরা।