গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতাকে ইসরাইলের জন্য হত্যাকাণ্ডে লাইসেন্স দেয়ার সমতুল্য বলে মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। শুক্রবার গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য প্রস্তাব গৃহীত হয় নিরাপত্তা পরিষদে। একে তিনি সঠিক পথ বলে উল্লেখ করেছেন। তবে বলেছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। এর কড়া সমালোচনা করেন আহমেদ আবুল ঘেইত। বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় গুরুতর। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ সুর নরম করে অবিলম্বে নিরাপদে ত্রাণ পৌঁছে দেয়ার প্রস্তাব পাস করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার পাস হয়েছে ‘গাজা প্রস্তাব’ এর নিন্দা করেছে হামাস। তারা একে অপর্যাপ্ত বলে অভিহিত করেছে। এ প্রস্তাবের মাধ্যমে মূলত গাজায় অধিকহারে ত্রাণ সহায়তা সরবরাহ করার কথাবলা হয়েছে। সূত্র: আনাদোলু, আল-জাজিরা, অ্যারাব নিউজ
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দানে বিরত ছিল।
এ প্রস্তাবটি এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা’ পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।