• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পানছড়ি থেকে সশস্ত্র গ্রুপ সরিয়ে নিতে সন্তু লারমার প্রতি ইউপিডিএফের আহ্বান

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
পানছড়ি থেকে সশস্ত্র গ্রুপ সরিয়ে নিতে সন্তু লারমার প্রতি ইউপিডিএফের আহ্বান
নিউজটি শেয়ার করুনঃ

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা অবিলম্বে পানছড়ি থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে দেয়া ইউপিডিএফ এর তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়- গত ১৬ সেপ্টেম্বর রাত থেকে জনসংহতি সমিতির (জেএসএস)’র সশস্ত্র কর্মীরা আক্রমণাত্মক ভঙ্গিতে খাগড়াছড়ির পানছড়িতে অবস্থান করছে এবং বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে। এর ফলে দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে পাহাড়ীদের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে গড়ে ওঠা চলমান ছাত্র-গণআন্দোলনে স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়েছে।

জেএসএসের এই আচরণে জনগণ হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে হামলায় প্রাণহানি, বাড়িঘর-দোকানপাটে অগ্নিসংযোগে জনগণ অস্তিত্ব রক্ষার্থে যে মুহূর্তে ঐক্যবদ্ধ হবার তাগিদ অনুভব করছেন, তখন জেএসএস-এর সশস্ত্র দলের আক্রমণাত্মক অবস্থান জনগণের সাথে শত্রুতার সামিল।

পানছড়ির জনগণ ও ইউপিডিএফ এই চরম উত্তেজনাময় পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম ও ধৈর্য্য প্রদর্শন করে আসছে জানিয়ে অংগ্য মারমা আরো বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জেএসএসকে অনুরোধ করেছি তারা যেন তাদের সশস্ত্র গ্রুপকে পানছড়ি থেকে সরিয়ে নেয়। দুঃখজনক হলেও তারা এখনো আমাদের অনুরোধে কর্ণপাত করেনি।’

বিবৃতিতে ইউপিডিএফ নেতা সকল স্তরের ঐক্য প্রত্যাশী জনগণসহ পার্বত্য চট্টগ্রামে সংঘাতবিরোধী এবং ঐক্যবদ্ধ আন্দোলনে বিশ্বাসী ছাত্র-জনতার সঙ্গে জেএসএস-এর মধ্যকার যে সকল নেতা-কর্মী-সমর্থক একাত্মতা পোষণ করেন, তাদেরকে জাতীয় অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে পানছড়ি থেকে সশস্ত্র গ্রুপ প্রত্যাহারের জন্য সন্তু লারমার প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।