ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো একটি নতুন যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং যুদ্ধের অবসান ঘটাতে জাতিসঙ্ঘের নেতৃত্বে শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনে নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত।
রোববার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, নয় বছরের মারাত্মক যুদ্ধের শেষ পর্যন্ত অবসান হলো। যে যুদ্ধে কয়েক লাখ লোককে হত্যা করা হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এবং ইরান-সমর্থিত হাউসি বিদ্রোহীদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুল সালামের সাথে সৌদি আরব এবং ওমানে গ্রুন্ডবার্গের সাম্প্রতিক বৈঠকগুলো থেকে এ সিদ্ধান্ত এসেছে।
গ্রুন্ডবার্গ দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য কয়েকটি পদক্ষেপের জন্য দলগুলোর প্রতিশ্রুতিকে স্বাগত জানান।
বিবৃতিতে যোগ করা হয়েছে, জাতিসঙ্ঘের বিশেষ দূত এখন জাতিসঙ্ঘের পৃষ্ঠপোষকতায় একটি রোড ম্যাপ তৈরি করতে দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবেন যাতে এই প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত থাকে এবং তাদের বাস্তবায়ন সঠিকভাবে হয়।
সূত্র : আরব নিউজ