পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলামবিদ্বেষী দুই সদস্যকে অপসারণ এবং ইসলামি স্কলার অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলাম ও দেশপ্রেমিক প্রায় সব ঘরানার প্রতিনিধির অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন ডা. মেহেদী হাসান।
মানববন্ধনে ‘আমাদের সন্তানদের গিনিপিগ বানানো চলবে না’, ‘যৌন শিক্ষা পরিবার দিবে, স্কুল না’, ‘পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ইসলামবিদ্বেষী কেন?’ ‘পাঠ্যপুস্তকে পশ্চিমা বিকৃত মতবাদ ঢুকানো যাবে না’, ‘এনজিওদের কবল থেকে, বাঁচাতে হবে প্রজন্মকে’, সমকামিতার আমদানি, অধিকার নয় বিকৃতি, পাঠ্যপুস্তকের সংস্কার, আলেম ছাড়া আশঙ্কার, ইসলামবিদ্বেষী কুলাঙ্গার, কমিটি থেকে বহিষ্কার’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগানসহ এতে অংশ নেন হাজার হাজার দেশপ্রেমিক নাগরিক।
বক্তারা অনিষ্ট ইঙ্গিতের কথা উল্লেখ করে বলেন , অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত করা হয়নি। শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে কোনো ইসলামি চিন্তাবিদ বা বিজ্ঞ আলেম রাখা হয়নি। বিগত ইসলামবিদ্বেষী সরকার প্রায় ১৭ বছরের শাসনামলে নানা অসঙ্গতিসহ ইসলামি তাহযিব-তমদ্দুন বিরোধী অনেক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, যা শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় শখানেক আলেম-হাফেজের শাহাদাত বরণ, প্রায় দেড় সহস্র ইসলামদরদী ছাত্র-জনতার জীবন দান এবং প্রায় ত্রিশ হাজার আহত মানুষের রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। অথচ এর ফসল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে এসে তারা পশ্চিমাদের চাপানো ইসলামবিদ্বেষী ও ঈমান হরণকারী বিষয় আমাদের আগামী প্রজন্মের পাঠ্যপুস্তকে অনুপ্রবেশ ঘটানোর দুঃসাহস করছে যা বিগত রাজনৈতিক সরকারগুলোও করেনি। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে, যা প্রতিটি অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রাণের দাবি ছিল। কিন্তু কাদের ইশারায় কাদের খুশি করার জন্য তাদের মধ্যে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ও ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রাকে রাখা হয়েছে তা বিস্ময়ের জন্ম দিয়েছে। অধ্যাপক মামুন বিগত দিনগুলোতে তার ক্লাসে ও সামাজিক মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিদ্বেষী নানা বক্তব্য দেওয়া একজন চরম ধর্মবিদ্বেষী লোক। এদিকে সামিনা লুৎফা হলেন বাংলাদেশের প্রচলিত আইন ও এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধ পরিপন্থি সমকামিতা ও লিঙ্গ স্বাধীনতার নামে বিকৃত মতবাদের সক্রিয়কর্মী।
বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী সাতদিনের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে এ দুইজনকে বহিষ্কার এবং দেশপ্রেমী ও বিশেষজ্ঞ আলেম-স্কলারকে অন্তর্ভুক্ত না করলে এনসিটিবি ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিমবিদ্বেষী ও নাস্তিক্যবাদী অনেক বিষয় ঢুকানো হয়েছে। বিভিন্ন সময়ে দেশের বিজ্ঞ আলেম ও ইসলামি চিন্তাবিদগণ এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন এবং বক্তব্য ও বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কর্ণপাতই করেনি।
চলতি মাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান, এনসিটিবি শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক রবিউল কবীর চৌধুরী এবং এনসিটিবি প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক এ এফ এম সারোয়ার জাহান।

কমিটিতে ইসলাম বিদ্বেষী, সমকামিতাকে সমর্থন করে এমন ব্যক্তিরা রয়েছে। কমিটি থেকে তাদের বাদ দেওয়া দাবি জানান আলেমেরা। মানববন্ধনে ইসলামি বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘হুজুরদের দ্বারা এই সামাজের যে সকল নৈতিক উন্নতি, দেশের পরিবর্তন হয়েছে, জেনারেল (সাধারণ) মানুষের দ্বারা তা হয়নি। যাদের হুজুর বলে কটাক্ষ করেন তাঁদের বাপ-মা কয়জন বৃদ্ধাশ্রমে থাকে আর অন্যদের কয়জন থাকে। চুরি, মাদকাসক্তসহ বিভিন্ন মামলায় কয়জন হুজুর আর অন্যরা কতজন।’
বিভিন্ন মুসলিম বিজ্ঞানী, চিকিৎসক, গবেষকদের কথা উল্লেখ করে সাইফুল্লাহ বলেন, ‘যারা মনে করে বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন তাদের বলব হুজুর বলে যাদের কটাক্ষ করেন তাঁদের বই পড়েই জ্ঞানবান হয়েছেন। আর হওয়ার পরে হুজুর বলে কটাক্ষ করেন। হুজুর বলে নয়, জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে অন্য কিছু দিয়ে নয়। আমরা আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই। কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না। কথা শুনতে চান না। ফ্যাসিস্টের বিষয়কে চাপিয়ে দিতে চান।’ কমিটিতে ইসলামবিদ্বেষীদের সরিয়ে দিয়ে প্রকৃত ইসলামপন্থীদের জায়গা করে দেওয়ার দাবি জানান তিনি।

ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা মুক্তার আহমেদ বলেন, ‘জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই আবার আমাদের রাস্তায় নামতে হবে তা ভাবতে পারিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই আন্দোলন হয়েছে সেখানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের শিক্ষাকে কেন্দ্র করে আবারও শাহবাগি চেতনার লোকেরা, হতে পারে তারা স্বৈরাচারের সহযোগী ছিল না কিন্তু স্বৈরাচারের শিক্ষার চেতনা তারা লালন করে। এই চেতনাধারীরা আমাদের ৯০ ভাগ মুসলমানের শিক্ষার সিলেবাস কি হবে এটা তারা ঠিক করে দেবে তা মেনে নেওয়া হবে না।’

মানববন্ধনে অংশ নেন হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ইউনুস, জামায়াতের উলামা পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান মাদানি, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম আববার, প্রফেসর মোখতার আহমাদ, মাওলানা মুহাম্মদ রজীবুল হক, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা সাইমুম সাদী, ড. হাবীবুর রহমান, মাওলানা আবু মুহাম্মাদ রহমানী, মাওলানা আবদুল গাফফার, মাওলানা নিজাম বিন মুহিব, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সারোয়ার হোসেন, ডা. শামসুল আরেফীন শক্তি, শরীফ আবু হায়াত অপু, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।