• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আমারদেশ পত্রিকা ছিল ফ্যাসিবাদের বিপক্ষে , জনতার পক্ষ থেকে সাতটি দাবি : মাহমুদুর রহমান

usbnews
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
আমারদেশ পত্রিকা ছিল ফ্যাসিবাদের বিপক্ষে , জনতার পক্ষ থেকে সাতটি দাবি : মাহমুদুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আগামী ৭ দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্র্বতী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই দাবিসহ তিনি মোট সাতটি দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে।

রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান। তার সাত দফা দাবির মধ্যে রয়েছে-

১. ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে;

২. বাংলাদেশ ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে;

৩. যমুনা সেতুকে ‘শহীদ আবু সাইদের’ নামে নামকরণ করতে হবে যাতে মানুষ সেখান দিয়ে পাড় হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পায়;

৪. ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখ্যে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে;

৫. এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না;

৬. বঙ্গবন্ধু এভিনিউকে ‘শহীদ আবরারের’ নামে নামকরণ করতে হবে, কারণ শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ।

৭. আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করতে হবে।

মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে আসার পর যে ৫ দিন আমি কারাগারে ছিলাম আমার জন্য যে পরিমাণ ভালোবাসা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকে মানুষ দেখিয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এর যোগ্য নই। আমি বিশিষ্ট ব্যক্তি নই, রাজনৈতিক ব্যক্তি নই। এ রকম কোনও আকাঙ্ক্ষা ও আমার নাই। আমি এদেশের আমজনতার বর্ষীয়ান একজন প্রতিনিধি মাত্র।

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখনও ভারতীয় ফ্যাসিবাদীরা দখল করে বসে আছে। এটিই সত্য। মিডিয়ার মালিক বা সম্পাদক এদের বেশিরভাগই ভারতের এজেন্ট।

তিনি আরও বলেন, যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত যারাই আসুক দিল্লির পক্ষে যারা কথা বলবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই চলবে। আমি সবাইকে কথা দিচ্ছি জনগণের কাতারে থেকে জনগণের জন্য মৃত্য পর্যন্ত লড়াই করবো।