• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য

usbnews
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য
নিউজটি শেয়ার করুনঃ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করলেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। তবে ২ জন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তাঁরা হলেন সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান পদে যোগ দেন। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। ছাত্র-জনতা- প্রবাসীর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।