বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত রমজান মিয়ার (২৬) মৃত্যু হয়েছে। রমজান পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। তাঁর পরিবার থাকত মিরপুর এলাকায়। সেদিনও বাসায় যাওয়ার কথা বলে কারখানা থেকে বের হয়েছিলেন তিনি। রমজানের স্ত্রী সাহারা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।

৫ আগস্ট সকালে গুলিস্তান এলাকায় রমজান আহত হন। ওই দিন দুপুরে তাঁর মুঠোফোন থেকেই পরিবারকে বিষয়টি জানিয়েছিলেন একজন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রমজানের আহত অবস্থায় পান। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। আহত হওয়ার পর থেকেই তাঁর জ্ঞান ছিল না। সর্বশেষ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।