৫ আগষ্ট সরকার পতনের দিন বিকালে ২৬ তলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের ছাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে। ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ছয় জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করা হলেও বাকিরা রয়ে যান অধরা।
৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর পুলিশের শীর্ষ কর্মকর্তারা গ্রেফতার হলেও আলোচিত কর্মকর্তাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানান দেন পুলিশের এই কর্মকর্তা। এরপর থেকে নিয়মিত ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে।
সম্প্রতি তার কয়েকটি ছবি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় ভারতের একটি দোকানে কেনাকাটা করছেন তিনি। এরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দিল্লিতে চলে গেছেন পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে , পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম দেশেই আছেন এবং সুকৌশলে আত্মগোপনে আছেন। এর আগে তিনি সেনাবাহিনীর কাছেই ছিলেন।