• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল : আইন উপদেষ্টা

usbnews
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল : আইন উপদেষ্টা
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘মিথ্যাচার’ বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, তিনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ‘উনি নিজেই ৫ই আগস্ট রাত ১১টা ২০মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।’

সরকার গঠনসহ আরও বিভিন্ন তথ্য উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘উনি (রাষ্ট্রপতি) আর এই পদে থাকার যোগ্যতা আছে কি না সেই সম্পর্কে প্রশ্ন আসে।’

আইন উপদেষ্টা বলেন, এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয়, এই পরিস্থিতিতে করণীয় কী। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সব সব বিচারপতিরা মিলে ১০৬ অনুচ্ছেদের অধীনে মতামত দেন, রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। এর প্রথম লাইন ছিল, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর অন্যান্য কথা।

আইন উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই মতামতের ভিত্তিতে একটি নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে পাঠিয়েছি।

নোটে রাষ্ট্রপতির স্বাক্ষর দেখিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এই মতামতটা দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন গঠন করেছেন।’

‘৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে নিজের মুখে ভাষণে বলেছেন, উনাকে প্রধানমন্ত্রী পদত্যাগ দিয়েছেন এবং উনি গ্রহণ করেছেন। পরবর্তীতে একের পর এক কার্যাবলীর মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে, উনি পুরো জাতির কাছে বিভিন্নভাবে নিশ্চিত করেছেন, আবারও নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি গ্রহণ করেছেন,’ যোগ করেন আসিফ নজরুল।

তিনি আরও বলেন, ‘আজকে যদি উনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দেননি। এত দিন পরে, প্রায় আড়াই মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়। উনার শপথ লঙ্ঘন হয় এবং এই পদে থাকার যোগ্যতা উনার আর আছে কি না প্রশ্ন আসে। কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকলে বা গুরুতর অসদাচরণ করলে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে কি না সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের দেশের সংবিধানে আছে।’

‘এখন উনার স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে উনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না সেটা আমাদের উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে,’ বলেন আইন উপদেষ্টা।

তাৎক্ষণিক ভাবে আইনজীবীর বক্তব্য

“রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙেছেন, তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। পদত্যাগপত্র জমা দেয়া না-দেয়া কিছুই নয়।”

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, সংসদ ভেঙে দেয়ার মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। সোমবার (২১ অক্টোবর) তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙেছেন, তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। পদত্যাগপত্র জমা দেয়া না-দেয়া কিছুই নয়।” তিনি আরও বলেন, “সাংবিধানিক শূন্যতার আলোচনা অপ্রাসঙ্গিক এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”

পদত্যাগপত্র নিজের কাছে নেই- এমন অস্বীকারের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, ‘এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে উনার (রাষ্ট্রপতি) কাছ থেকে আপিল বিভাগের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- এই পরিস্থিতিতে করণীয় কি আছে? এটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্য সব বিচারপতিরা মিলে ১০৬ এর অধীনে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেটার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন…। তারপর অন্যান্য কথা।’

আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর আছে’। এর পরিপ্রেক্ষিতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে একটি নোট আমরা মন্ত্রণালয়ের দফতর থেকে রাষ্ট্রপতির কাছে পাঠাই। এই অভিমত রাষ্ট্রপতি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, যুক্ত করেন আসিফ নজরুল।

মোহা. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, আপনার যদি মানসিক এবং শারীরিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসাদচরণ করেন, তখন রাষ্ট্রপতি পদে থাকতে পারেন কিনা সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের সংবিধানে আছে।

 

রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে যা বললেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে।

সোমবার রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, গত ৫ আগস্টের পর আমরা হয়ত ঐক্যবদ্ধ না থাকার কারণে যথাযথ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করতে পারিনি। সে অর্থে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারিনি। যে কারণে চুপ্পুর মতো মানুষ এখনও প্রেসিডেন্টের মতো পদে বসে আছে। তার মতো মানুষ, আজকে তিনি বলছেন শেখ হাসিনার রিজাইন পেপার নাকি তিনি দেখেননি। কোন সাহসে তিনি এ কথা বলতে পারেন?

সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট সিস্টেম এখনো সরেনি। বিভিন্ন এজেন্সি ও কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো।

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই : হাসনাত আবদুল্লাহ

সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই রকম বক্তব্যের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি জানিয়েছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে পালিয়েছেন, তার (রাষ্ট্রপতি) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেননি। আমরা দেখেছি, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন পাঁয়তারা করেছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ-যুবলীগের পতিত আত্মারা জড়ো হওয়ার পাঁয়তারা করছে। আপনারা প্রত্যেকটি ঘটনাকে যদি একত্র করেন, তাহলে দেখবেন, আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে।

তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা একটি পরিচয়ে একত্র হয়েছিলাম। আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের সবার পরিচয় ছিল, আমরা মজলুম এবং আওয়ামী লীগ ছিল জালিম। ৫ আগস্টের পরে আমরা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে পৃথক হয়ে গেছি। যার ফলে যে গ্যাপ তৈরি হয়েছে, সেখান থেকে আবার আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট সরকার পুনর্বাসনের ছক কষছে।

সমন্বয়ক হাসনাত আরও বলেন, দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান, বিশেষ করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, যারা গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক নিগ্রহের শিকার হয়েছেন, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো- নিজ নিজ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ৫ আগস্টের পূর্বে যেভাবে মজলুম হিসেবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেভাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য এবং দেশ থেকে তাদের সমূলে উৎপাটনের জন্য আমাদের শেষ পর্যন্ত একত্র থাকতে হবে। আমরা পৃথক হয়ে গেলে সেই সুযোগটি আওয়ামী লীগের পতিত আত্মারা নেবে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এজন্য আমাদের ঐক্যের বিকল্প নেই। যেকোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, আমাদের মজলুম পরিচয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যত ধরনের পদক্ষেপ দরকার আমরা নেবো। ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো।

‘বর্তমান প্রেসিডেন্টকে না সরালে তিনি শেখ হাসিনার হয়ে কাজ করবেন’
প্রেসিডেন্টের পদত্যাগ চান ছাত্রনেতারা

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ৫ তারিখের পর থেকে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা বারবার ফোন রেকর্ড ছেড়ে দিচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা মিছিল করছে। বর্তমান প্রেসিডেন্ট অতীতে যুবলীগ ও আওয়ামী লীগ করেছেন। সে ফ্যাসিবাদ কায়েমে জড়িত ছিলেন। নানাভাবে প্রেসিডেন্ট পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে তিনি দুরকম কথা বলছেন।

ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. জাহিদুল ইসলাম প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বলেন, একজন রাষ্ট্রপতি হয়ে দুরকম কথা বলতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. রাশেদ খান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি নিজে গ্রহণ করেছেন এটা নিজেই বলেছেন।

তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট প্রেসিডেন্ট আবারও একটি ‘কু’ করার চক্রান্ত করছে। জনগণ এখনও সচেতন এবং রাস্তায় আছে। কোনো অবৈধ চেষ্টা করলে জনগণ তাকে পদত্যাগ করতে বাধ্য করবে।

রাশেদ আরও বলেন, বর্তমান প্রেসিডেন্ট শেখ হাসিনার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং এখনও তার হয়েই কাজ করছে। আমি সরকারকে অনুরোধ করব তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব গ্রহণের জন্য। কোনো আইন মেনে বিপ্লব হয়নি। তাই কোনো আইনের দোহাই না দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টার পাশাপাশি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া দরকার। বর্তমান প্রেসিডেন্টকে না সরালে তিনি শেখ হাসিনার হয়ে কাজ করবেন।

 

পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি বিষয়টি যেভাবে সামনে এসেছে

এর আগে গতকাল রোববার মানবজমিন পত্রিকার সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’— শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ঐ প্রতিবেদনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, ‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’

প্রেসিডেন্ট বলেন, ‘৫ই আগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো তিনি আসছেন না।’

সাক্ষাৎকারটি গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হয়ত তার সময় হয়নি। ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য আসবেন। এর পরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি (শেখ হাসিনা) আসছেন না। ’

তিনি বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি, তিনি পদত্যাগ করেছেন। মনে হয় তিনি সময় পাননি জানানোর। ’

সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদসচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। শেখ হাসিনা চলে গেছেন এবং এটাই সত্য। তবু এই প্রশ্নটি যাতে আর কখনো না ওঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি। ’

শেখ হাসিনা পালানোর পর দেওয়া ভাষণে যা বলেছিলেন রাষ্ট্রপতি
শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের সামনে রেখে বলেছিলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি’।
শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের সামনে রেখে বলেছিলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি’।