• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আরো ইসরাইলি সৈন্য নিহত, তীব্র লড়াই চলছে গাজায়

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৩
আরো ইসরাইলি সৈন্য নিহত, তীব্র লড়াই চলছে গাজায়
নিউজটি শেয়ার করুনঃ

মধ্য গাজায় তীব্র লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরো ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী মঙ্গলবার তিন সৈন্য নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর ইসরাইলি সৈন্য নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ১৬১-এ। এই দাবি ইসরাইলিদের। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মতে, তাদের হাতে ইসরাইলের হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার রাতে জানান, তাদের বাহিনী গাজার খান ইউনিসে অভিযান চালাচ্ছে। তারা সেন্ট্রাল ক্যাম্প নামক স্থানে যুদ্ধ করছে।

গাজার শহর খান ইউনিসের দখল নিতে ইসরাইলের বহু মাস লাগতে পারে বলে রিপোর্ট করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খান ইউনিস শহর দখলে মোতায়েন করা ইসরাইলি সেনাদের কমান্ডিং অফিসার গণমাধ্যমটিকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, খান ইউনিসকে ইসরাইলের নিয়ন্ত্রণে আনতে কয়েক মাস সময় লাগবে।

এর প্রধান কারণ হিসেবে তিনি জানান, দক্ষিণ গাজায় হামাসের অবস্থান অনেক শক্তিশালী। ইসরাইল যা ধারণা করেছিল, হামাস তার থেকেও বেশি শক্তিশালী সেখানে। তাদের উদ্দেশ্য হচ্ছে, ইসরাইলি সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে টানেলের মধ্যে লুকিয়ে যাওয়া। তিনি আরও জানান, ইসরাইল দক্ষিণ গাজায় তুলনামূলক কম বিমান হামলা চালাচ্ছে। এর কারণ হচ্ছে, ইসরাইলি সেনারা এরইমধ্যে ওই শহরে ঢুকে পড়েছে। প্রায়ই তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ভবনের মধ্যে যেতে হয় তাদের। নিজেদের সেনাদের রক্ষার্থেই বিমান হামলা কমিয়ে দিয়েছে তেল-আবিব।

তবে এতে হামাস টানেলের বাইরে আরও সহজে অপারেশন চালাতে পারছে। এতে ইসরাইলি সেনাদের হতাহতের সংখ্যা কার্যত আরও বাড়ছে।