• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে শীর্ষস্থানের লড়াই

usbnews
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে শীর্ষস্থানের লড়াই
নিউজটি শেয়ার করুনঃ

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে শীর্ষস্থানের লড়াই। গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের মাঝে চলছে ইঁদুর দৌড় প্রতিযোগিতা। এখনো অবশ্য শীর্ষে আছে মোহামেদ সালাহর লিভারপুলই। সিটির কাছে জায়গা হারালেও সেটা মাত্র তিন ঘণ্টার ব্যবধানেই আবার উদ্ধার করেছে।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে গতকাল রাতে প্রিমিয়ার লিগে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্না স্লটের দল। মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন নিকোলাস জ্যাকসন। পরে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন কার্টিস জোন্স। ৮ ম্যাচে ৭ জয় আর ১ হারে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৬ জয় আর ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। এর আগে দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামে ম্যানসেচস্টার সিটি। শুরুতেই পিছিয়ে পড়া সিটি শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। ৩৩ মিনিটে গাভারদিওল সমতা ফেরানোর পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (৯৫তম মিনিট) জয়সূচক গোলটি করেন স্টোনস। এ জয়ে কিছু সময়ের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় সিটি। তবে নামতে হয় লিভারপুল চেলসিকে হারানোয়।

লিভারপুল আর চেলসির লড়াইয়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কেউ। একটু একটু করে চাপ বাড়ানো লিভারপুল ২৯তম মিনিটে সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায়। বক্সে কার্টিস জোন্সকে চেলসির ডিফেন্ডার লিভাই কলউইল ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। নিজের সাবেক দল চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ খেলে এই নিয়ে পাঁচ গোল করলেন সালাহ। ইংল্যান্ডের শীর্ষ লিগে তার মোট গোল হলো ১৬২টি। বিরতির আগে বক্সে ইংলিশ মিডফিল্ডার জোন্স গোলরক্ষক রবের্ত সানচেসের বাধায় পড়ে গেলে ফের পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর মনিটরে দেখে এবার সিদ্ধান্ত পাল্টান তিনি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই সমতায় ফেরে চেলসি। কাইসাদোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের জ্যাকসন। শুরুতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

লক্ষ্যে এটাই ছিল চেলসির প্রথম শট। তাদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। সালাহর ক্রস বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় কোনাকুনি শটে লিভারপুলকে ফের এগিয়ে নেন জোন্স। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে লিগে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আট ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট ২১।