• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জেলে বসেই বৈঠক করতে পারবেন ইমরান নির্দেশ হাই কোর্টের

usbnews
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩
জেলে বসেই বৈঠক করতে পারবেন ইমরান নির্দেশ হাই কোর্টের
নিউজটি শেয়ার করুনঃ

জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন তার দলের নেতা-কর্মী ও আইনজীবীরা। আসন্ন নির্বাচন নিয়ে কৌশলী আলোচনাও করা যাবে। গতকাল শুক্রবার এই অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। এ মুহূর্তে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দিন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পিটিআই সূত্রে খবর, নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিলেন ইমরান খান। এ নিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন তিনি।
এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেব নির্দেশ দেন, দলীয় নেতা ও আইনজীবীদের সঙ্গে জেলে দেখা করতে পারবেন পিটিআই চেয়ারম্যান। শুনানির সময় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, ইমরানের আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাই কোর্টে হাজির ছিলেন।
বলে রাখা ভালো, তোষাখানা মামলায় গত ৫ আগস্ট গ্রেফতার হন ইমরান। হাজতবাসের পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। পাঁচ বছর কোনো নির্বাচন লড়তে পারবেন না তিনি বলেও জানানো হয়। তার পর থেকে ওই পাঞ্জাব প্রদেশের অটোক জেলেই বন্দি ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। এরপর তার বিরুদ্ধে সাইফার মামলাও করা হয়। গত সেপ্টেম্বর মাসে ইমরানকে অটোক জেল থেকে স্থানান্তর করা হয় আদিয়ালা জেলে। এই মুহূর্তে একের পর এক মামলার খাঁড়া ঝুলছে তার মাথায়।